আলুর ঘণ্ট
আলুর ঘন্ট
উপকরণঃ গোবিন্দ ভোগ চাল একমুঠো , ডুমো করে কাটা আলু , পেঁয়াজ বাটা, আদাবাটা,নুন, হলুদ, মিষ্টি, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম-মশলা গুড়ো, গোটা জিরে (নিরিমিষ আলু ঘণ্টর জন্য ) , তেজপাতা , টমেটো বাটা, অল্প ঘি, অল্প টক্ দই। সাদা তেল/সর্ষে তেল
প্রণালী : গোবিন্দ ভোগ চাল জলে ধুয়ে , পরিষ্কার জলে ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াইতে তেল গরম করে ওতে ডুমো করে কাটা আলু হাল্কা ভেজে তুলে রাখতে হবে। এবার তেজপাতা দিয়ে ওতে পেঁয়াজ বাটা , আদাবাটা, টমেটো বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুটা কষানোর পর ,ওতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে ফেটিয়ে নেওয়া টক্ দই , নুন, হলুদ, মিষ্টি, গরম-মশলা গুড়ো দিয়ে আরো খানিকটা কষিয়ে ভাজা আলু দিয়ে আরো খানিকটা কষিয়ে নিতে হবে । খেয়াল রাখতে হবে মশলা যেন ধরে না যায়, তাই ধিমে আঁচে করতে হবে । এবার জল দিয়ে ওর মধ্যে জলে ভিজিয়ে রাখা চালটা দিয়ে সব ভালো করে মিশিয়ে ঢেকে দিতে হবে। চাল ও আলু সুসিদ্ধ হয়ে গেল অল্প ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। এ রান্না শুকনো হবে। তবে তেল সহ হবে। খুব তেলা হবে না, আবার খুব শুকনো-ও হবে না। শেষের ঘি এর ব্যবহার না করলেও চলবে। ওটা স্বাদের জন্য।
* এই রান্না যদি সম্পূর্ণ নিরামিষ করতে হয়, তাহলে পেঁয়াজ বাদ দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে করতে হবে। আর শীতকালে এতে কড়াইশুটি দেওয়া যেতে পারে।
** এক ই ভাবে শীতকালে রান্না করা যায় নিরামিষ ফুলকপির ঘণ্ট।

Comments
Post a Comment